যুদ্ধ করলেও মুক্তিযোদ্ধা হতে পারেননি জুবান আলী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ০২:০৯

পেটের তাগিদে মুক্তিযোদ্ধা জোবান আলি এখন চা-পান বিক্রেতা। দেশকে স্বাধীন করতে শত্রুর মোকাবিলা করেও মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে পারেননি জুবান আলী (৭৫)। শেষ বয়সে জীবন সংগ্রামে টিকে থাকতে তিনি প্রায় ১৫ বছর ধরে চা বিক্রি করছেন। এতে কোনোভাবে তার সংসার চললেও তিনি প্রয়োজনীয় চিকিত্সার টাকা যোগাড় করতে পারছেন না।

 
১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ২৭-২৮ বছর বয়সে ঘরে স্ত্রী রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তিনি মুক্তিযোদ্ধা এসএম আল আমিনের সঙ্গে থেকে ভারতে প্রশিক্ষণ করেন। ১৯৭১ সালে শত্রু মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি কুষ্টিয়ার একটি সম্মুখযুদ্ধেও অংশ নেন। মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে জুবান আলী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তার নাম মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়নি।
 
জুবান আলী জানান, মুক্তিযুদ্ধের বহু প্রামাণ্যপত্র তার কাছে ছিল। কিন্তু তার প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলেছেন। বৃদ্ধ বয়সে অর্থাভাবে তিনি বাধ্য হয়েছেন চা তৈরি করতে। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহাম্মেদ জানান, জুবান আলী মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হতে চান ভালো কথা। প্রয়োজনীয় কাগজপত্র পেলে তিনি তাকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করার প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

ইত্তেফাক/এএন