বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজিয়া খাতুন (১৩) নামে ঐ গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত রাজিয়া হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের হত দরিদ্র নুরুল ইসলাম ঢালীর মেয়ে।
জাকির হোসেন জানান, জর্ডন রোড এলাকার মিলন নামের এক যুবকের সাথে রাজিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার বিষয়টি তার (এডিএম) স্ত্রীর কাছে ধরা পড়ে এবং সে রাজিয়াকে বকা-ঝকা করেন। রাজিয়াকে নিয়ে যাওয়ার জন্যে তার বাবাকে খবর দেওয়া হয়। এতে ভয় পেয়ে রাজিয়া রাতে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই কোতয়ালী মডেল থানা পুলিশ হাসপাতালে যায়।
তিনি আরো জানান, তিনি হিজলার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন সময়ে রাজিয়া গৃহকর্মী হিসাবে তার বাসায় কাজ শুরু করেন। বরিশালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হয়ে আসার সময় রাজিয়া তাদের পরিবারের সাথে নগরীতে চলে আসেন।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, গলায় ফাঁস দেয়া অবস্থায় মেয়েটিকে এডিএমের পরিবারের সদস্যরাই হাসপাতালে নিয়ে যান। সুরতহাল, ঘটনাস্থল পরিদর্শন এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজিয়ার কথিত প্রেমিক মিলন ঘটনার পর থেকে নিরুদ্দেশ রয়েছে।
ইত্তেফাক/এএন/এএসএস
