‘সরকার আন্তরিক না হলে রাষ্ট্রপতির উদ্যােগ কাজে আসবে না’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৫
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নিরপেক্ষ ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির উদ্যােগকে স্বাগত জানিয়ে বলেছেন, সরকারের আন্তরিকতায় নির্ভর করবে রাষ্ট্রপতির এই উদ্যোগ। সরকার আন্তরিক না হলে এটি কোন কাজে আসবে না। 
 
মঙ্গলবার ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশনে (বামসাএ) ‘সুষ্ঠু নির্বাচনের জন্য চাই নির্বাচনকালীন, নির্দলীয় ইসি ও নিরপেক্ষ প্রশাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন স্বাধীন হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেটি হবে তা হলো ৫ জানুয়ারি মার্কা নির্বাচন। এমন নির্বাচন দেশের মানুষ আর কখনও কাম্য করে না। সরকার নিরপেক্ষ না হলে নির্বাচনে প্রশাসন কখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না।
 
তিনি বলেন, কোন স্বৈরাচারী সরকারই শেষ সরকার নয়। যারা গায়ের জোরে জোর করে ক্ষমতায় অতীতে থেকেছে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের করুণ পরিণতি হয়েছে।
 
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/এএসএস