৬ জিবি র‍্যামের জিওনি ফোনে ৭০০০ এমএএইচের ব্যাটারি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১০:১৫
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হালনাগাদ প্রযুক্তির নতুন নতুন স্মার্টফোন আনে বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা। এসব ফোনে 'চমক ও চমৎকারিত্ব' থাকতেই হয়, নয়ত গ্রাহকদের কাছ থেকে সাড়া পাওয়া যায় না। এটা অন্য দশটা চীনা স্মার্টফোন নির্মাতাদের মতো কম বুঝে না জিওনি। তাই ইতোমধ্যে বাজারে তারা যে জায়গাটা তৈরি করেছে সেটাকেই পোক্ত করতে এবার 'এম ২০১৭' নামের একটি বেশি র‍্যাম, শক্তিশালী ব্যাটারি ও উন্নত ক্যামেরার ফোন আনছে।
 
চীনা হ্যান্ডসেট প্রস্তুতকারকদের এই ফোনে থাকবে ৬ জিবি র‍্যাম, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও দুটি রিয়ার ক্যামেরা।
 
সম্প্রতি এই ফোনটির একটি টিজার প্রকাশ করেছে জিওনি। তাদের ওয়েবসাইটে ওই টিজার পোস্ট করা হয়েছে, যাতে বলা হয়েছে চলতি মাসের ২৬ তারিখ চীনে আয়োজিত একটি অনুষ্ঠানে ফোনটি উন্মোচন করা হবে।
 
ডিভাইসটিতে থাকবে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৪৪০*২৫৬০ পিক্সেল। পাশাপাশি, এতে রয়েছে স্ন্যাপড্রাগন অক্টা কোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
 
ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে, যার মধ্যে একটি রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের ও অপরটি ১৩ মেগাপিক্সেলের। ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য এতে থাকছে ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
মডেলটির দাম কত হবে তা এখনও ঘোষণা করেনি জিওনি কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/এএম