বাংলাদেশের শিবলী নোমান ও কলকাতার রাতশ্রী দত্ত জুটি বেঁধেছেন ‘তুখোড়’ শিরোনামের সিনেমায়। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এখন মুক্তির প্রতীক্ষা। গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার।
৫৮ সেকেন্ডের টিজারে দেখা যায়, শুরুতে সাগরের একাংশ আর সবুজ পাহাড়। আলো ঝলমলে জমজমাট একটি ক্লাবের দেখা গেল। যেখানে সুন্দরী নারীদের গানের তালে কোমর নাচাতেও দেখা যায়।
মিজানুর রহমান লাবু পরিচালিত এ সিনেমায় শিবলী-রাতাশ্রী ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, বাপ্পারাজ ও শিমুল খান। এছাড়াও দেখা যাবে লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, রাশেদ মামুন ও শায়েরীকে। কাহিনী লিখেছেন মাহমুদুল হক রাজীব। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন মিজানুর রহমান লাবু।
পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। ইতোমধ্যে সিনেমার সব কাজ শেষ হয়েছে। সিনেমার ট্যাগ লাইন ‘অপারেশন ক্লাব ডি’।
২০১৭ সালের ৬ জানুয়ারি মুক্তি পাবে থ্রিলার ঘরানার ‘তুখোড়’।
ইত্তেফাক/এমএআর
