গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আহত-৩

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০০:১৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: রফিকউল্লাহ্ সেলিমের (কাপ-পিরিচ) নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। এসময় তারা কাপ-পিরিচ মার্কার ৩জন সমর্থককে পিটিয়ে গুরত্বর আহত করে। 

আহত ব্যক্তিরা হলেন- উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর এলাকার আলী আহমদ ঢালীর ছেলে মো: মমিনুল হক ঢালী (৩৩), চরপাথালিয়া এলাকার মৃত. ধন মিয়ার ছেলে মো: হাসান মিয়া (৩০) ও ভবেরচর এলাকার ব্যবসায়ী সবুজ মিয়া (২৮)।

এদের মধ্যে মাথায় আঘাত প্রাপ্ত মমিনুল হক ঢালীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেক্ষদর্শী আবু হোসেন জানান, কিছু দিন ধরেই স্বতন্ত্র প্রার্থী রফিকউল্লাহ্ সেলিমকে নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকিসহ বিভিন্ন স্থানের কাপ-পিরিচ মার্কার নির্বাচনী অফিস গুলো ভাংচুর করছে নৌকা প্রতীকের লোকজন। এ নিয়ে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও কাজ হয়নি।

তারপরেও বুধবার সন্ধ্যা ৭টায় ভবেরচর এলাকায় নিজ বাড়ীর উঠানে কাপ-পিরিচ মার্কার নির্বাচনী ক্যাম্পে, ভোট কেন্দ্র এজেন্ট দেয়া নিয়ে সমর্থকদের সাথে আলোচনা চলছিল। এসময় রাত সাড়ে ৮টার দিকে নৌকা প্রতীকের সমর্থক ছাত্রলীগ নেতা ভবেরচর হাসপাতাল রোড এলাকার আব্দুল গাফ্ফার মালের ছেলে সুমন মাল (২৬) ও ভবেরচর এলাকার কালাই চাঁন প্রধানের ছেলে লিয়াকত আলী প্রধান (৪০) এর নেত্রীত্বে ৩০/৪০ জনের একদল দুবৃর্ত্তরা বাড়ীতে প্রবেশ করে হামলা চালায়। এঘটনায় তিন জন আহত হয়। আহতদেরকে গজারিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, সকালেও তারাই নির্বাচনী প্রচার ক্যাম্পে তালা লাগিয়ে দিয়েছিল। পরে থানা পুলিশের সহযোগিতায় তালা ভেঙ্গে তারা অফিস পরিচালনা করেন।

এ ব্যপারে নৌকা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমি প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে।

এবিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পুরো ঘটনাটিই দুঃখজনক। তবে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/আরকেজি