নকিয়া ১৫০ ও ১৫০ ডুয়াল সিম নামে দুটি ফোন উন্মোচন করেছে এইচএমডি গ্লোবাল। তবে ডিভাইস দুটো মূলত ফিচার ফোন; বহুল প্রত্যাশিত অ্যান্ড্রয়েড নয়।
মঙ্গলবার ফোন দুটি উন্মোচন করা হলেও ২০১৭ সালের প্রথম প্রান্তিকের আগে বাজারে পাওয়া যাবে না। ওই সময়ের পর থেকে ডিভাইস দুটি এশিয়া-ইউরোপের বাজারে পাওয়া যাবে।
এইচএমডি গ্লোবাল মোবাইল ডিভাইসের বেলায় নকিয়া ব্র্যান্ডের নাম ব্যবহারের স্বত্ব পেয়েছে। আর তা পেয়েই প্রত্যাশার চেয়েও আগেভাগে নকিয়া ফোন বাজারে আনতে উদ্যোগী হয়েছে তারা।
ডিভাইস দুটিতে থাকবে ২ দশমিক ৪ ইঞ্চি মাপের কিউভিজিএ ডিসপ্লে (২৪০ বাই ৩২০ পিক্সেল), নকিয়া সিরিজ ৩০ + অপারেটিং সিস্টেম, এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও, ২২ ঘণ্টা ব্যাটারি লাইফ, স্নেক জেনজিয়া গেম, ব্লুটুথ, এলইডি ফ্ল্যাশসহ ভিজিএ ক্যামেরা থাকবে। তবে ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে না।
IMG0
২০১৩ সালের এপ্রিলের দিকে এক চুক্তির মাধ্যমে মাইক্রোসফটের কাছে মোবাইল বিভাগ বিক্রি করে নকিয়া। এরপর দুই বছরের জন্য নকিয়া নাম ব্যবহার করে হ্যান্ডসেট বাজারে আনার অধিকার হারায় প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের সাথে নকিয়ার চুক্তি অনুযায়ী, ২০১৬ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত ব্র্যান্ড নাম ব্যবহার করে হ্যান্ডসেট তৈরি করতে পারবে না নকিয়া।
ইত্তেফাক/এএম
