খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৫
খুলনায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বড় ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার রাত নয়টার দিকে নগরীর খালিশপুর বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে। দুই সহোদর নগরীর খালিশপুরের বঙ্গবাসী এলাকার নতুন কলোনীর মৃত সাব্বির হোসেনের ছেলে।
 
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, জাহিদ ও জাভেদ নামে দুই সহোদর বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। এ সময় তার বড় ভাই জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জাহিদকে মৃত ঘোষণা করেন।
 
তিনি জানান, স্থানীয় প্রভাবশালী আব্বাসের বাড়ির পাশের পুকুর লিজ নেয় দুই ভাই জাহিদ ও জাভেদ। ওই পুকুরে মাছ চাঁষ করতে হলে চাঁদা দিতে হবে বলে ওই দুই সহোদরের কাছে আব্বাস দাবি করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, চাঁদা না দেয়ায় জাহিদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুর দুইটা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ