ছাড়-উপহারে ল্যাপটপ মেলা শুরু বৃহস্পতিবার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:০৩
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ল্যাপটপ মেলা ‘টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার ২০১৬’।  এতে ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।
 
‘প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানে শুরু হতে যাওয়া এই মেলা আয়োজক এক্সপো মেকারের এটি ১৮তম আয়োজন।
 
বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সবার জন্য মেলা উম্মুক্ত করা হবে। তবে এদিন বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
এবারের মেলায় বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।
 
এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, আগের মেলাগুলোয় শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সবার অংশগ্রহণ ছিলো প্রত্যাশার চেয়েও বেশি। আমাদের প্রত্যাশা, এবারের মেলা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।
 
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লাভা, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, মাইক্রোল্যাব, অ্যাভিরা, ইসেট অ্যান্টিভাইরাস, ইন্টেল সিকিউরিটি, রাপু, এ-ডাটা, পান্ডা ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
 
এই প্রদর্শনীতে পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের খুচরা যন্ত্রাংশ পাওয়া যাবে। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
 
এবারের মেলার সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল ও এইচপি। এছাড়া স্মার্টফোন পার্টনার হিসেবে লাভা।
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে। এছাড়া টেকশহরডটকমের অ্যাপ ডাউনলোড করেও বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকছে। মেলায় টিকিটের অর্থ দূরারোগ্য রোগে আক্রান্ত রোগি/ভুক্তভোগি পরিবারকে সহায়তা করা হবে।
 
ইত্তেফাক/এএম