বিজয় দিবসে বিকল্প সড়ক ব্যবহারে আহ্বান ডিএমপির

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:১৭
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ চলাকালে আমন্ত্রিত অতিথিবর্গের স্টীকারযুক্ত যানবাহন ব্যতীত অন্যান্য সকল প্রকার যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। 
 
অনুষ্ঠান চলাকালে সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত প্যারেড স্কয়ার ও তৎসংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্যই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বুধবার এ আহ্বান জানানো হয়।
 
১৬ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত যেসব রাস্তায় গাড়ি চলাচল পরিহার করতে বলা হয়েছে সেগুলো হচ্ছে : খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর, শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড, বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং। 
 
এদিকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, সামরিক, আধা-সামরিক, দেশী-বিদেশি কূটনৈতিকবৃন্দ, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 
 
অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৬ ডিসেম্বর দুপুর ১২টা হতে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিম্নবর্ণিত রাস্তা ব্যবহার না করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
 
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জিরো পয়েন্ট হতে গুলিস্থান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে। 
 
এছাড়াও আহাদ পুলিশ বক্স হতে ইত্তেফাক মোড়, আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিংসহ পার্ক রোডের উত্তর মাথা হতে ইত্তেফাক অভিমুখী কোন প্রকার যানবাহন চলাচল করা যাবে না। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি