শহীদ বুদ্ধিজীবীদের তালিকা জুলাই মাসে প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২০:২৫
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী জুলাই মাসে বই আকারে প্রকাশ করা হবে।
 
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজারে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জেলা পর্যায় থেকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নিহত শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সংগ্রহের কাজ চলছে। আমরা সব জেলা থেকে তালিকা সংগ্রহ করছি, এখন সংকলন করে আমরা বই আকারে প্রকাশ করব। বিভিন্ন জেলা, প্রশাসন ও ঘাতক দালাল নির্মূল কমিটি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে, লালন করছে, তাদের মাধ্যমে আমরা জেলাভিত্তিক সেই তালিকাগুলো গ্রহণ করছি। ইনশাল্লাহ ২০১৭ সালের জুলাই মাসে গেজেট হবে।
 
পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিত্সক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে। প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী এদেশের বুদ্ধিজীবী নিধনযজ্ঞ চালায়; তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে- তা নিশ্চিত করা। শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।
 
ইত্তেফাক/এএম।