কিছু লোকের জন্য নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ: সাখাওয়াত, আমি সন্ত্রাস লালন করি না: আইভী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২১:২৯
'নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন আশা ও শঙ্কা' শীর্ষক গোল টেবিল আলোচনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিন হায়াৎ আইভী বলেছেন, 'আমি কোন সন্ত্রাসী লালন করি না, আমার কোন বাহিনীও নেই। অসৎ ও অসত্যের মধ্যে কখনো যাইনি। দলবাজি করিনি। উন্নয়নের স্বার্থে কখনো কাউকে জিজ্ঞেস করিনি আপনি কোন দলের? দলবাজি করিনি বলেই আওয়ামী লীগের তৃণমূল থেকে আমার নাম দলের প্রার্থী হিসেবে কেন্দ্র পাঠানো হয়নি।'
 
এই সরকারের আমলে অনুষ্ঠিত অতীতের অনেক নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে আইভী বলেন, 'বিগত দিনে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই বন্দর এবং সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতুল্লার কুতুবপুর এবং বন্দর ইউনিয়নে বিপুল ভোটে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে।'
 
নির্বাচিত হতে পারলে আইভী বিএনপি প্রার্থীকে প্রথম মিষ্টি মুখ করানোরও ঘোষণা দেন। আর বিএনপি প্রার্থী নির্বাচিত হলে তার বাড়িতে বিএনপি প্রার্থীকে যাবার অনুরোধ জানান।
 
বিএনপির মহাসচিব নির্বাচনী পথসভায় বলেছেন, 'এই নির্বাচন গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন।' জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ২০দলীয় জোট প্রার্থীর নির্বাচনী পথসভায় নৌকা ডুবিয়ে দেয়ার উত্তরে আইভী বলেছেন, '২২তারিখে দেখা যাবে কে কাকে ডুবায়।'
 
গোল টেবিল আলোচনায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, 'মুষ্টিমেয় কিছু লোকের জন্য নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার আরেকটি সমস্যা মাদক। এসব সমস্যা নিরসনে সিটি করপোরেশনের প্রধান ব্যক্তিকে ভূমিকা এবং উদ্যোগ নিতে হয়।' তিনি নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
 
নাসিক থেকে সদ্য পদত্যাগী ও আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'সিটি করপোরেশন ব্যবসা কেন্দ্র হতে পারে না। অথচ গত ১৩ বছরে মেয়র থাকাকালীন (বিলুপ্ত পৌরসভার ৮ বছর এবং সিটির ৫ বছর) তিনি করপোরেশনের ভূমিতে মার্কেট এবং অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন। নিজস্ব লোকজনদের এসব দোকান ও অ্যাপার্টম্যান্ট বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু সিটি করপোরেশনের জমি জনকল্যাণে ব্যবহার হবার প্রয়োজন ছিল। যা হয়নি।' তিনি সিটি করপোরেশনের এই ভূমিকার কঠোর সমালোচনা করে এ ধরণের কাজের বিরোধিতা করেন।
 
নারায়নগঞ্জ সিটি র্কপোরেশন নির্বাচনে আর মাত্র ১সপ্তাহ বাকি। আওয়ামী লীগ ও বিএনপির অধিকাংশ কেন্দ্রীয় নেতা এখন নারায়নগঞ্জ মুখী। আগামী ২০ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নারায়ণগঞ্জে আসার কর্মসূচী রয়েছে। সেলিনা হায়াত আইভী ও সাখাওয়াত হোসেন খান একে অপরকে আক্রমণ করে বক্তব্য রাখার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভোটারদের সামনে তুলে ধরছেন।
 
ইত্তেফাক/এসএস