সেপটিক ট্যাংক পরিষ্কারকারীদের জন্য সম্মেলন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ২২:০২
সেপটিক ট্যাংক ও পিট পরিষ্কারকারীদের নিয়ে সম্প্রতি প্রথম জাতীয় সম্মেলনের আয়োজন করেছে এফএসএম নেটওয়ার্ক বাংলাদেশ।
 
নিজেদের স্বাস্থ্যঝুঁকির কথা না ভেবে প্রতিদিন সমাজের জন্য নিবেদিতভাবে কাজ করা সত্ত্বেও এ পেশার মানুষরা প্রায়ই সামাজিকভাবে অসম্মান ও নিগৃহীতের শিকার হয়। এদিন সম্মেলনে ১শ' জন সেপটিক ও পিট পরিষ্কারকারী একসাথে উপস্থিত থেকে তাদের জীবনের নানা গল্পের কথা বলেন। সেপটিক ট্যাংক ও পিট পরিষ্কারকারীদের সামগ্রিকভাবে এ অবস্থার উন্নতিতে সম্মেলনে সরকারি কর্মকর্তাগণ ও উন্নয়ন খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
জাতীয় 'সেপটিক ট্যাংক পরিষ্কারকারীদের জন্য মর্যাদা' শীর্ষক সম্মেলনটি রাজধানীর আগারগাঁওয়ের শের-এ-বাংলা নগরের আইজিইডি ভবনে অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রেজাউল হকের উন্মুক্ত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। এছাড়াও সম্মেলনে আরও বক্তব্য রাখেন সম্মেলনে আগত বিশেষ অতিথিবৃন্দ এবং সেপটিক ট্যাংক ও পিট পরিষ্কারকারী। এরপর সম্মেলনে সেপটিক ট্যাংক পরিষ্কার সংক্রান্ত বিষয়ের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শোভন কাজের চারটি মূল স্তম্ভ মর্যাদা, সমতা, ন্যায্য মজুরি এবং নিরাপদ কাজের পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। এ সময় সেপটিক ট্যাংক ও পিট পরিষ্কারকারী এবং এ খাত সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।
 
ইত্তেফাক/এসএস