বিশ্বজুড়ে সামরিক খাতের ব্যয়ে ভারত চতুর্থ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৩
 
বিশ্বে সামরিক খাতে ব্যয়ের দিক দিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। এর আগে ষষ্ঠ স্থানে ছিল দেশটি। রাশিয়া এবং সৌদি আরবের মতো ধনকুবের রাষ্ট্রও ভারতের পিছনে পড়েছে। প্রতিরক্ষা বা সামরিক খাতে কোন দেশের বরাদ্দ নিয়ে ২০১৬ সালের হিসাব প্রকাশ করেছে আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা আইএইচএস জেন’স। কলকাতার 
 
আনন্দবাজার পত্রিকা জানায়, সমীক্ষা অনুযায়ী পৃথিবীর সামরিক ব্যয় লাফিয়ে বেড়েছে গত দু’এক বছরে। যুদ্ধ-বিগ্রহের প্রস্তুতি, অস্ত্রাগার বাড়িয়ে তোলা আর বিধ্বংসী প্রযুক্তি উদ্ভাবনে বিভিন্ন রাষ্ট্রের বিপুল উত্সাহ দেখেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। মার্কিন প্রতিরক্ষা বাজেট গোটা পৃথিবীর প্রতিরক্ষা বাজেটের ৪০ শতাংশ। প্রতিরক্ষা খাতে খরচের প্রশ্নে আমেরিকা এখনও এগিয়ে। ২০১৬ সালে ৬২ হাজার ২০০ কোটি ডলারের কিছু বেশি অর্থ প্রতিরক্ষা খাতে খরচ করেছে আমেরিকা। ১৯ হাজার ১৭৫ কোটি ডলার সামরিক খাতে বরাদ্দ করে দ্বিতীয় স্থানে চীন। তৃতীয় ব্রিটেন। গত এক বছরে ব্রিটেনের বরাদ্দ ছিল ৫ হাজার ৩৮০ কোটি ডলারের বেশি। আর প্রায় ৫ হাজার ৭০ কোটি ডলার বরাদ্দ করে চতুর্থ স্থানে ভারত।