আগামীকাল রাবেয়া খাতুনের নাটক ‘সূর্য উঠার আগে’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১০:৫৩
চ্যানেল আইতে আগামীকাল ১৬ ডিসেম্বর রাত ৮টায় প্রচারিত হবে রাবেয়া খাতুনের গল্পে নির্মিত নাটক ‘সূর্য উঠার আগে’। নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। 
 
নাটকটির গল্পে দেখা যাবে, আলোর মিছিল নামক স্থানীয় পত্রিকায় ছবিসহ খবর ছেপেছে ‘জনদরদী’ নেতা চুনী মিঞা আসছেন রোগেভোগা হতাশ মানুষদের বেঁচে থাকার উৎসাহ যোগাতে। খবরটা পড়ে সত্তর বছরের সখিনার মনে পড়ে, ৭১ সালের কথা। চুনী ছিল রাজাকার। তার স্বামী শাকিবকে ধরে নিয়ে গিয়ে রাজাকার বানিয়ে লুটপাট আর যত অপকর্মে সহযোগী বানায় স্ত্রীকে জিম্মি করে। 
IMG0
শাকিবকে হত্যা করে সখিনাকে আর্মিদের হাতে তুলে দেয়। পাকিস্তানী সেনারা পরাজয়ের খবর পেয়ে সখিনাকে ফেলে পালায়। চুনী তখন সখিনাকে কবজা করে নির্যাতন করে। দেশ স্বাধীন হলে চুনীরাও পালিয়ে বাঁচে। সখিনাও কেমন করে যেন বেঁচে যায়। আজ সে একজন প্রতিষ্ঠিত নার্স। মানুষের সেবা করে জীবনযাপন করে। 
IMG1
খবরটা পড়ার পর তার চোখেমুখে আগুন জ্বলে ওঠে। প্রতিশোধের আগুন। সে সাহায্যপ্রার্থী হয়ে একান্তে দেখা করে চুনী মিঞার সাথে। এভাবে নাটকটির গল্প সাজানো হয়েছে। 
 
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা, সাঈদ বাবু, আব্দুল্লাহ রানা প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর