রওনক-ফজলুর বিজয় দিবসের নাটক ‘অন্ত্যেষ্টিযাত্রা’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৪:০৮
অভিনেতা রওনক হাসান ও ফজলুর রহমান বাবু অভিনীত বিজয় দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে বিশেষ নাটক ‘অন্ত্যেষ্টিযাত্রা’। জাকির তালুকদারের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। 
 
নাটকটির গল্পে দেখা যাবে, শওকত আলী নামের এক পঙ্গু মুক্তিযোদ্ধাকে নিয়ে নাটকের কাহিনি। মুক্তিযোদ্ধা শওকত আলীর মৃত্যু হয়। স্থানীয় সংবাদিক উপজেলা সদরের সহকারি কমিশনার সুলতান আহমেদকে জানায়। মৃত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার উদ্দেশ্যে পুলিশের একটি দল ঐ মুক্তিযোদ্ধার গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। 
 
তবে ঘটনাক্রমে বাঁধে নানা বিপত্তি। এর আগে একসময় রাগে-দুঃখে-অপমানে ও অভিমানে একদিন শওকত আলী তার ‘মুক্তিযোদ্ধা সার্টিফিকেট’ পুড়িয়ে ফেলেছিলেন। কিন্তু সার্টিফিকেট ছাড়া শওকত আলীকে  ‘গার্ড অব অনার’ দেয়া ঠিক হবে কিনা, এটা নিয়ে বাঁধে বিপত্তি।
 
নাটকটি নিয়ে অভিনেতা রওনক বলেন, ‘বিজয় দিবস উপলক্ষ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। এরমধ্যে সাবাব আলী আরজু পরিচালিত নাটক ‘অন্তেষ্টিযাত্রা’ অন্যতম। নাটকটির গল্প অনেক ভাল। এক মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে যত রকম বিপত্তি বেঁধেছে, তা এখানে দেখানো হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’
 
রওনক হাসান, ফজলুর রহমান বাবু ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন জামিল, রিফাত, লিজা জামান প্রমূখ।
 
‘অন্তেষ্টিযাত্রা’ আগামীকাল শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। 
 
ইত্তেফাক/এমএআর