শিবপুরে লালসবুজের পতাকাটি আজও আগলে রেখেছেন ছলিম উদ্দিন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর চরপাড়া গ্রামের মৃত সবদর আলীর ছেলে ছলিম উদ্দিন খলিফা তার নিজের হাতে তৈরি লাল সবুজের পতাকাটি ৪৫ বছর পরও আগলে রেখেছেন। ৭১ সালে স্থানীয়ভাবে লালসবুজের পতাকার কারিগর ছলিম উদ্দিন খলিফা (দর্জি) তার দোকানের জন্য নিজের হাতে একটি লালসবুজের পতাকা তৈরি করেছিলেন। মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তিনি। 
 
সে সময়ে তিনি পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দর্জি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ৭১’ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে তিনি মুক্তিযোদ্ধাদের এবং জনগণের সহযোগিতার জন্য জাতীয় পতাকা নিজ হাতে তৈরি করে মুক্তিযুদ্ধাসহ সকলের নিকট বিলি করতেন।
 
স্বাধীনতা যুদ্ধের সময় ছলিম উদ্দিনের খলিফা বাড়িটি ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প। আর এই ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন খলিফার স্ত্রী লুৎফা বেগম। এখান থেকে মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থানে যুদ্ধ পরিচালনা করতেন।IMG0
 
ছলিম উদ্দিন খলিফা পাকহানাদর বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দর্জি ব্যবসা করতেন এবং এক দেড় মাস পর পর গোপনে বাড়িতে এসে পরিবারের ও মুক্তিযোদ্ধাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। এভাবে সংগ্রামের ৯টি মাস নিজের জীবনকে বাজি রেখে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন। 
 
স্মৃতিচারণ করতে গিয়ে ছলিম উদ্দিন খলিফা বলেন, চারদিকে বাঙালির বিজয়ের নিশান উড়তে শুরু করে ৭১ এর ১৬ই ডিসেম্বর। এই দিনটি বাঙালি জাতির গৌরবের দিন, আনন্দের দিন, অহংকারের দিন আত্মমর্যাদার দিন। এই বিজয় ছিনিয়ে আনা বীর বাঙালিরা বিভিন্ন সরকারি, বেসরকারি ও প্রাইভেট প্রতিষ্ঠানের লোকজন পতাকা বানিয়ে দেওয়ার জন্য ছলিম উদ্দিন খলিফার দোকান ভিড় জমাতে থাকে। 
 
খলিফা বলেন, ৭১ এর ১৬ ডিসেম্বর মাসে দিন রাত প্রায় ৫ শতাধিক পতাকা তৈরি করেছিলেন। একটি স্বাধীন দেশের প্রথম পতাকা বানিয়েছি এবং নিজেকে অনেক গর্বিত মনে করছি। আর নিজের তৈরি করা পতাকাটি ৪৫ বছর এখনো যত্ন করে রেখেছি।
 
শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, মুক্তিযোদ্ধা মাজু মিয়া, নজরুল ইসলাম ফকির, আমজাত হোসেন, মস্তফা মিয়া, বেলায়েত হোসেন, কাদের খান, মজনু মৃধা, শিবপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাজুল ইসলাম খান ঝিনুকের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধের সময় ছলিম উদ্দিন খলিফার বাড়িতে থেকে যুদ্ধ করেছিলেন।  
 
 
 
 
ইত্তেফাক/এমআই