দীর্ঘ চার বছর পর শান্তির আশা উকি দিচ্ছে আলেপ্পো শহরের নাগরিকদের মধ্যে। শহরটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ সরকার বাহিনী নেয়ার পর বিদ্রোহীদের সঙ্গে দ্বিতীয় দফা অস্ত্র বিরতি চুক্তি ও অন্যত্র সরে যাওয়ার ব্যবস্থা করায় শান্তিপূর্ণ এক পরিবেশ পাওয়ার আশা দেখছে তারা।
আলেপ্পো থেকে ৫ হাজার বিদ্রোহী ও পরিবারকে অন্যত্র সরিয়ে নেবার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাদের পরিবহনে যেন কোন সমস্যা না হয় তা নিশ্চিত করবে সিরিয়ান সরকার ও রাশিয়ান মিত্রবাহিনী।
এদিকে রয়টার্স জানিয়েছে আলেপ্পো থেকে গুরুতর আহত ২০০ জনকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তাদের নিকটবর্তী সিরিয়ান সরকার নিয়ন্ত্রিত এলাকায় হাসপাতালে পৌঁছে দেয়া হবে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আল-ফৌ ও ক্যাফরেয়া শহরের উদ্দেশ্যে চিকিৎসা উপকরণসহ ২৯টি ট্রাকে ও অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে।
বিবিসি জানিয়েছে, নতুন করে বিদ্রোহীরা সিরিয়ান সরকার ও রাশিয়ান মিত্র বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সিরিয়া থেকে নিরাপদে নাগরিক ও বিদ্রোহীদের অন্যত্র নেয়ার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানায় তারা। রয়টার্স, বিবিসি ও সিএনএন।
ইত্তেফাক/আরএ
