তামিমসহ তিন জঙ্গির শেষ ঠিকানা জুরাইন কবরস্থান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৫
নারায়নগঞ্জে নিহত গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ তিন জঙ্গির শেষ ঠিকানা জুরাইন কবরস্থানে। 
 
ঘটনার সাড়ে তিন মাস পর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে অজ্ঞাত হিসেবে লাশগুলো আঞ্জুমানকে বুঝিয়ে দেয়া হয়। অপরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে রাজধানীর রূপনগরে নিহত জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম ও আজিপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর লাশ। 
 
বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল থেকে তাদের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি অফিসার রুহুল আমিনের কাছে হস্তান্তর করেন নারায়ণগঞ্জ পিবিআইর পরিদর্শক আলমগীর সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। তবে নিহতদের মরদেহ নিতে পরিবারের কেউ এসেছিলেন কিনা জানতে চাইলে পুলিশ কর্মকর্তাদের কেউই মুখ খুলতে রাজি হননি। 
 
আঞ্জুমান মফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি অফিসার রুহুল আমিন বলেন, অজ্ঞাতনামা হিসেবে আমাদের কাছে তিনটি মরদেহ হস্তান্তর করা হয়। তাদের  জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। 
 
উল্লেখ,  গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিন তলা বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। ওই অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরী ছিল। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহতদের একজনকে তামিম চৌধুরী এবং আরেকজনকে যশোরের কলেজ ছাত্র ফজলে রাব্বি বলা হয়। নিহত তৃতীয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
ইত্তেফাক/ইউবি