নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী রাজন খন্দকারকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক(এস আই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রবীর কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের জোটকের বিল এলাকা থেকে মামুন হত্যা মামলার আসামী রাজন খন্দকার (২১) কে গ্রেফতার করে। পরে তাকে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়ালের আদালতে হাজির করা হয় এবং আদালতে রাজন রাজন খন্দকার, নিহত মামুন মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থেকে অপর জড়িতদের বিষয়েও ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহাঙ্গীর আলম মামলার এজাহারভূক্ত আসামী রাজন খন্দকারকে গ্রেফতার এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মামলার অন্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।'
প্রসঙ্গত, জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের ইকবার মোল্যার ছেলে মামুন মোল্যা গত ১৫ নভেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে বের হয় এবং সন্ধ্যার পর থেকে সে নিঁখোজ হয়। এ সময় তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। নিখোঁজের তিন দিন পর ১৭ নভেম্বর মামুনের বাড়ির পাশের ধান ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুনের পিতা ইকবার মোল্যা বাদী হয়ে ১৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এসএস
