গাজীপুরে আতিকুর রহমান নামে নিখোঁজ এক স্কুলছাত্রের ছাত্রের লাশ উদ্ধার করেছে।
শুক্রবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া বাজারের দক্ষিণ পাশের একটি মৎস খামার সংলগ্ন সিরাজুল ইসলামের বাংলো বাড়ির সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। আতিক ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
জয়দেবপুর থানার এসআই রাজিব শেখ জানান, ওই বাড়ির গৃহকর্মী সকালে পরিচ্ছন্নতা কাজ করার সময় দুর্গন্ধ পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তারা সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাশ কয়েক দিন আগে ওই সেপটিক ট্যাংকে ফেলে রাখায় পচে গেছে।
প্রসঙ্গত, ৯ ডিসেম্বর কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আতিকুর রহমান বাসা থেকে ব্যাটমিন্টন খেলার জন্য বাইরে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। পরে আতিকের পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন ইটের ট্রাকে করে আতিককে ঢাকার দিকে নিয়ে যাওয়া হয়েছে।
ইত্তেফাক/ইউবি
