বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, দেশে বিভক্তির রাজনীতি শুরু হয়েছে। এটি কোনো স্বাধীন দেশের রাজনীতি না। স্বাধীন দেশের রাজনীতির জন্য জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।'
শুক্রবার মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। গণতন্ত্র আজও মুক্ত নয়। অর্থনৈতিকভাবেও দেশ এগিয়ে যায়নি। কারণ বর্তমান সংসদ বিরোধী দলবিহীন এবং সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতার আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হলেই গণতন্ত্র মানুষের কাছে পৌঁছাবে, অন্যথায় নয়।
ইত্তেফাক/কেকে
