কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী ও ম্যাজিক (চাঁদের) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর দুইজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন শিশুসহ অন্তত ১০ জন।
শুক্রবার দুপুর একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের সেগুন বাগান এলাকায় সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও হিউম্যান হলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। হতাহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কাজিয়াকাটা গ্রামের মকতুল হোসেনের ছেলে মোহাম্মদ কালু (৪২) ও তার মেয়ে রিনা আক্তার (১৯), একই এলাকার জবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০) ও চকরিয়া পৌরসভার পূর্ব নিজপানখালী গ্রামের মো. ইলিয়াছ খানের ছেলে মো. আলী রিয়াজ রায়হান খান (২৩)।
আহতরা হলেন- চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা খামার পাড়ার আবুল হাসেমের ছেলে নজরুল ইসলাম (২৪), বান্দরবানের লামার ফাঁসিয়াখালীর হারগাজার আলী হোসেনের ছেলে হেফাজ উদ্দিন (১২), চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার মাইজপাড়ার নুরুল আলমের ছেলে জৈনবুন্নেছা (১৯) ও নুরুল হোছাইনের কন্যা নূরী জন্নাত (১৯), মাহিন্দ্রা চালক খুটাখালীর মেদাকচ্ছপিয়া সাতগরিয়া গ্রামের মৃত গোলাম আলীর ছেলে বদি আলম (৫০)।
এছাড়া নিহত কালুর ছেলে সাহেদুল ইসলাম (৭), শিশু সাকেরা বেগম (৮) ও খাইরুন নেছাসহ (৩০) অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। বর্তমানে তারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি রয়েছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আশিকুর রহমান জানান, দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হন আরো ১০ জন যাত্রী। গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
