ফরিদপুরে একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক তরুণ নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণ আলামীন মোল্লা (২২) ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিল মাহমুদপুর গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
আহতরা হলেন- বোয়ালমারী উপজেলার গুণবহা কামার গ্রামের আফসার মোল্লার ছেলে ওবায়দুর মোল্লা (২৫) ও ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড় এলাকার হারুণ মীরের ছেলে আমীর মীর (২৬)।
ঘটনার প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, পাশের চরভদ্রাসন উপজেলার চর ওমরাপুর গ্রামের মুকুল মণ্ডল তার পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি নিয়ে গ্রামের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ পরে বের হয়ে তিনি মোটরসাইকেলটি দেখতে না পেয়ে চোর ধরার জন্য কয়েকজনকে নিয়ে চরভদ্রাসন ফরিদপুর ও চরভদ্রাসন সদরপুর সড়কে অবস্থান করেন।
চরভদ্রাসন ফরিদপুর সড়কের গজারিয়া বাজার এলাকায় চুরি যাওয়া মোটরসাইকেটি রয়েছে এমন খবর পেয়ে মালিক ও তার লোকজন ওই এলাকায় যান। তাদের দেখে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে ফরিদপুরের দিকে পালিয়ে যেতে চাইলে তারা চিৎকার করেন। এসময় বাজারের লোকজন ও করাত কলের শ্রমিকরা ধাওয়া করে তাদের ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা আটক করে তিন চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ মোটরসাইকেলসহ গণপিটুনিতে আহতদের উদ্ধার করে। পরে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।সেখানে আলামীন মোল্লা মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় মোটরসাইলের মালিক মুকল মণ্ডল মোটরসাইকেল চুরির দায়ে একটি এবং পুলিশ বাদী হয়ে গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ইত্তেফাক/কেকে
