চলতি বছরের নভেম্বরে ব্রিটেনে মূল্যস্ফীতির হার বেড়ে ১ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। অক্টোবরেও এ হার ছিল দশমিক ৯০ শতাংশ। মূল্যস্ফীতির হার এভাবে বেড়ে যাওয়ার কারণ হলো— দেশটিতে পোশাক ও জ্বালানির দাম বৃদ্ধি। সম্প্রতি ব্রিটেনে পোশাকের দাম বেড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস জানিয়েছে, নভেম্বরে ব্রিটেনে শীতের পোশাকে তুলনামূলক কম মূল্যছাড় ছিল। এ সময়ে নারী ও পুরুষের ভ্রমণের পোশাকের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এদিকে পাউন্ডের মূল্য বৃদ্ধিতে আগামী বছরেও পোশাকের দাম বাড়তির দিকেই থাকবে বলে মনে করে এ প্রতিষ্ঠানটি। এতে মূল্যস্ফীতিও তিন শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
