কালো টাকা রোধে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করছে ভারত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৩

 

ভারতে সম্প্রতি ৫০০ ও ১ হাজার রুপির নোট বাতিলের ঘোষণা দেয়া হয়। কালো টাকার প্রসার কমাতে সরকার এ সিদ্ধান্ত নেয়। এবার সরকার কালো টাকা রোধে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে লেনদেন করাকে উৎসাহিত করছে।

 

ভারত সরকার মনে করে, নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেন করলে কালোবাজারি বা অর্থ চুরি বা দুর্নীতির প্রবণতা কমে আসবে। এজন্য অনলাইনে লেনদেন করলে তার জন্য পুরস্কারও ঘোষণা করেছে ভারত। সর্বোচ্চ ১ কোটি রুপি পর্যন্ত দেয়া হবে পুরস্কার। দুই স্কিমে এ পুরস্কার দেওয়া হবে। সাধারণ গ্রাহকদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য। প্রথম স্কিমের আওতায় ১৫ হাজার বিজয়ীর প্রত্যেককে দৈনিক ভিত্তিতে ১ হাজার রুপি করে পুরস্কার দেওয়া হবে। আর সপ্তাহ ভিত্তিতে ৭ হাজার জনকে সর্বোচ্চ ১ লাখ রুপি করে পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় স্কিমের আওতায় ৭ হাজার ব্যবসায়ীকে সপ্তাহ ভিত্তিতে দেয়া হবে ৫০ হাজার রুপি পর্যন্ত পুরস্কার।