মিরসরাইয়ে দেয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু, আহত অর্ধশত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দেয়াল ভেঙ্গে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায়প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন।
 
শনিবার রাতে উপজেলার চিনকী আস্তানায় মাহফিল শেষে মসজিদের দেয়াল ভেঙ্গে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, চিনকি আস্তানা রেল স্টেশন সংলগ্ন আব্দুল গনি ওয়াকফ স্টেট জামে মসজিদের উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে দোয়াও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মসজিদের মাঠে। মাহফিল শেষে সিরনি বিতরণকালে হঠাৎ মসজিদের ২য় তলার একটি দেয়াল ভেঙ্গে নিচে পড়ে অর্ধশত আহত হন। আহতদের মধ্যে উত্তর সোনা পাহাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে জিশানের অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
 
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। একটি শিশু মারা গেছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ