হাজীগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৪:১০
 
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে বালুবাহী ট্রাকচাপায় পথচারী কৈতুরী বেগম (৬০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে রামগঞ্জ সড়কের রান্ধুনীমুড়া বটতলা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত কৈতুরী বেগম ফরিদগঞ্জ উপজেলার ছালিয়াপাড়া বেপারী বাড়ীর রুহুল আমিনের স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শী রুবেল রাজ বলেন, 'সড়ক পার হতে গিয়ে রামগঞ্জগামী বালুবাহী ট্রাক চাপায় নারী নিহত হন। তার সঙ্গে থাকা নাতি সড়ক পার হয়ে গেলেও দাদী ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান।'
 
পারিবারিক সূত্রে জানা গেছে, 'হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামের ছৈয়াল বেপারী বাড়িতে মেয়ে আকলিমা বেগমকে দেখতে গিয়ে প্রাণ গেল কৈতুরী বেগমের।'  
 
মেয়ে আকলিমা বেগম বলেন, 'অনেক দিন যাবৎ বাবার বাড়িতে যাই না। তাই মা আমাকে দেখতে এসে চিরতরে চলে গেলেন।' 
 
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, 'ঘটনাস্থল থেকে বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে।'
 
 
ইত্তেফাক/কেকে