লক্ষ্মীপুরের রামগঞ্জে কাটাখালী নামক স্থান থেকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বসির আল হেলাল (২৫) ও শামীম হোসেন (২৭) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত ৪টি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বসির আল হেলাল নোয়াগাঁ গ্রামের আবুল হোসেনের ছেলে ও শামীম হোসেন বাম্মনপাড়া গ্রামের মুনছুর আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা ব্যাপী বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। আর এসব মোটরসাইকেল চুরির সঙ্গে প্রত্যক্ষভাবে বসির আল হেলাল ও শামীম হোসেনসহ বড় একটি চক্র জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ-ফরিদগঞ্জ সীমান্তবর্তী এলাকা কাটাখালী থেকে দরগা বাড়ির দর্জা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চোরাইকৃত ৪টি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ চক্রের সাথে আরো যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/আরএ
