উল্লাপাড়া উপজেলার উধুনিয়া-আগদিঘলগ্রাম সড়কের পাশের প্রায় ২৫টি সরকারি গাছ অবৈধভাবে কেটে নেবার অভিযোগ করা হয়েছে। এসব গাছের মূল্য প্রায় ২ লাখ টাকা।
উধুনিয়া গ্রামের বাসিন্দা আবু সাইদ ও ছাইদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেছেন, স্থানীয় আগদিঘল গ্রামের কয়েকজন কিছুদিন আগে রাস্তাটি পাকা-করণের সময় প্রকাশ্যে ১০টি ইউক্যালিপটাস, শিশুগাছ সহ প্রায় ২৫টি গাছ কেটে তাদের বাড়ি নিয়ে যায় এবং গাছের কিছু গুল মিলে নিয়ে ভাঙ্গিয়ে নেয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, গাছগুলো কথিত ব্যক্তিদের বাড়ির সামনে হওয়ায় তারা জোরপূর্বক এগুলো কেটে নিয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) আকরাম আলীর সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসএস
