প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, 'অস্ট্রেলিয়া, রাশিয়া, থাইল্যান্ড এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন শ্রম বাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি করার জন্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।'
গত জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ২২ হাজার ১০০ জন বাংলাদেশির চাকরি হয়েছে উল্লেখ করে তিনি জানান, বছর শেষে এই সংখ্যাটা সাড়ে সাত লাখ ছাড়িয়ে যাবে।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে শনিবার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
আগামীকাল ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা প্রমুখ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, 'চলতি বছরে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি হয়েছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বছর শেষে এই সংখ্যাটা সাড়ে সাত লাখ ছাড়িয়ে যাবে। দেশে প্রতিবছর ২০ লাখেরও বেশি পুরুষ ও মহিলা কর্মী শ্রমবাজারে যুক্ত হচ্ছে। এই বিপুল সংখ্যক কর্মীর জন্য দেশে চাকরির সুযোগ সৃষ্টি করা অনেকাংশে সম্ভব হয় না। এ কারণেই কর্মীদের বিশাল একটি অংশ বিদেশে পাড়ি জমান। চলতি বছর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক গেছে সৌদি আরব।' -বাসস।
ইত্তেফাক/এসএস
