ঘোড়াশাল থেকে নরসিংদী এসে আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়েছে তৌফিক মিয়া নামে ২৫ বছর বয়সী এক অস্ত্রবাজ। গত শুক্রবার রাতে নরসিংদী ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফার নরসিংদীর ইউএমসি জুটমিল সংলগ্ন একটি মসজিদের পিছন থেকে তাকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশের ঘোড়াশাল মিয়াপাড়ার আব্দুল আউয়ালের পুত্র তৌফিক একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে নরসিংদী সদর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৫টি মামলা রয়েছে। গত শুক্রবার রাতে সে স্থানীয় কিছু সন্ত্রাসীকে সাথে নিয়ে নরসিংদীর ইউএমসি জুটমিল সংলগ্ন একটি মসজিদের পিছনে বসে গোপন পরিকল্পনা করছিল। এ সময় গোপনে সংবাদ পৌছে ডিবি পুলিশের কাছে।
ডিবি পুলিশের এসআই আব্দুল গাফ্ফার সংবাদ পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল ঘেরাও করে। এ সময় অবস্থা টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। ধরা পরে যায় তৌফিক। পুলিশ তার নিকট থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। সে কেন ঘোড়াশাল থেকে নরসিংদী এসেছিল তা বিস্তারিত জানা যায়নি। তদন্তের স্বার্থে বিশেষ কিছু বলেনি পুলিশ। এলাকার লোকজন জানিয়েছে, তৌফিক একজন ক্ষুদ্রা অস্ত্র ব্যবসায়ী। সে দুটি পিস্তল বিক্রির উদ্দেশ্য নিয়েই নরসিংদী গিয়ে থাকতে পারে। তবে পুলিশ তার সহযোগী সন্ত্রাসীদেরকে খুঁজছে। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরএ
