বাংলাদেশে প্রকৃতি রক্ষা করাই বিরাট চ্যালেঞ্জ: পরিবেশ ও বন মন্ত্রী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০০:৫৬

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশে প্রকৃতিকে রক্ষা করাই বিরাট চ্যালেঞ্জ। ছাপ্পান্নো হাজার বর্গমাইলের এ ভূখন্ডে ১৭ কোটি মানুষ বসবাস করছে। তারপরেও আমরা উত্সাহবোধ করছি, কেননা প্রকৃতিকে রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় এ মানুষই আমাদের  সহায়তা দিচ্ছে।  গতকাল শনিবার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই এর ‘প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চ্যানেল আইয়ের ‘প্রকৃতি প্রাঙ্গনে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
পরিবেশ মন্ত্রী বলেন, আমরা এমন একটা পৃথিবীতে বসবাস করছি যেখানে পরিবেশ ছাড়া কোন  আলোচনা সম্ভব নয়। পৃথিবী নামক গ্রহটি এখন চ্যালেঞ্জের মুখে। তবে আমাদের দেশে প্রকৃতি রক্ষায় অনেকেই কাজ করছেন, আন্দোলন করছেন। তিনি বলেন, দেশের মানুষ এখন বাজার থেকে ফেরার সময় হাতে করে গাছের চারা নিয়ে ফিরে। এটা আমাদের জন্য সুখবর। এ থেকেই বুঝা যায়, যারা প্রকৃতি রক্ষায় কাজ করেছেন, আন্দোলন করেছেন তাদের চেষ্টা বৃথা যায়নি।
 
অনুষ্ঠানে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইশতিয়াক উদ্দিন আহমদকে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।
 
ফরিদুর রেজা সাগর বলেন, দেশ আমাদের মা। প্রকৃতিও আমাদের মা। যেমন করে মায়ের কোলে আমরা থাকি, তেমন করে আমরা প্রকৃতির কোলে থাকি। প্রকৃতি রক্ষার দায়িত্ব আমরা সবাই মিলে পালন করবো। প্রকৃতি রক্ষায় আমরা ক্ষমতা দিয়ে, মমতা দিয়ে কাজ করবো। 
 
মুকিত মজুমদার বাবু বলেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এই বাংলাদেশকে আমাদেরই গড়তে হবে। সাত বছর ধরে আমরা ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানটি করছি। খুব অল্প কাজই আমরা করতে পেরেছি। তবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে সকলের সহায়তা চাই।
 
ইশতিয়াক উদ্দিন আহমদ বলেন, প্রকৃতি রক্ষার কাজটি একা করা সম্ভব নয়। প্রকৃতি রক্ষায় যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, মানুষ বাঁচবে।
 
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকান্ড এবং ইশতিয়াক উদ্দিন আহমদের জীবনী নিয়ে দু’টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নির্মিত বাংলাদেশের প্রথম পরিবেশ ও প্রকৃতি বিষয়ক শিক্ষা, সচেতনতামূলক ধারাবাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’ এর ডিভিডি-২০১৬ এবং মুকিত মজুমদার বাবু রচিত ‘সবুজ আমার ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

ইত্তেফাক/এএন