উপজেলার সংচাইল-বাঙ্গরা বাজারের সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার গুরুত্বপূর্ণ এ সড়ক ও সড়কে নির্মিত ৩টি বেইলি ব্রিজ দীর্ঘদিন যাবত্ সংস্কার না হওয়ায় পথচারীসহ যাত্রীরা পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। স্থানীয়দের অভিযোগ রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবেই চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয় সরকার প্রকৌশলে অধিদপ্তরের অধীন মুরাদনগর উপজেলার প্রধান গুরুত্বপূর্ণ ৪টি সড়কেরই অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। প্রায় ৭ বছর পূর্বে সড়কগুলোর কাজ করা হলেও দীর্ঘ দিন থেকে কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কগুলোর অবস্থা খুবই নাজুক। গুরুত্বপূর্ণ এসব সড়কগুলোর মধ্যে উপজেলার বাঙ্গরা বাজার থানার সংচাইল-বাঙ্গরা বাজার সড়ক একেবারেই চলাচলের অযোগ্য। সড়কটির পিচ এবং ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব খানা-খন্দে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে অধিকাংশ সময় বিকল হচ্ছে ছোট-বড় অনেক যানবাহন। সড়কের ৩টি ব্রিজ- বেইলি ব্রিজগুলোও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এসব ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিনই মালবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন চলাচল করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানের অভাবেই সড়কটি যেন একটি মরণ ফাঁদে তৈরি হয়েছে। এর ফলে স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। আবার ঝুঁকির কারণে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিন দিন কমছে উপস্থিতির সংখ্যা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আবুল মুনসুর মিয়া সড়কগুলোর বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, সংচাইল-বাঙ্গরা বাজার সড়কটি সংস্কার কাজের তালিকায় রয়েছে। কোন বরাদ্দ পাওয়া গেলে সংস্কার কাজের দরপত্র আহ্বান করা হবে। আশাকরি আগামী অর্থ বছরেই সড়কটির সংস্কার কাজ করা যাবে। তিনি আরো বলেন, সড়কটিতে বেলী ব্রীজগুলো সংস্কার যোগ্য, তাই ব্রিজগুলোও সংস্কার করা হবে।
ইত্তেফাক/এএন
