হারের জন্য প্রথমবারের মতো রাশিয়াকে দুষলেন হিলারি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০২:৪৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য প্রথমবারের মতো রাশিয়ার ‘হ্যাকিংকে’ দায়ী করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন। এক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত ‘রেষারেষি’ ভূমিকা রাখতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ‘অপ্রত্যাশিত’ ওই হারের জন্য মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কোমির প্রতিও ক্ষোভ প্রকাশ করেন হিলারি।

 
মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের জড়িত থাকা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এ বিষয়ে এতদিন পর্যন্ত মুখ খোলেননি হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার প্রথমবারের মতো বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃৃত করে বিবিসি বলেছে, ম্যানহাটনে দাতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনে রুশ হ্যাকারদের জড়িত থাকার কথা উল্লেখ করেন হিলারি। ফাঁস হয়ে যাওয়া ওই সব ই-মেইল তার নির্বাচনী প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলেছিল।
 
ম্যানহাটনের ওই অনুষ্ঠানে হিলারি বলেন, তার প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত ক্ষোভ রয়েছে। পাঁচ বছর আগে সেই দেশের পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার কারণেই পুতিন তার প্রতি ক্ষুব্ধ। এই হ্যাকিং কেবল তার নিজের ও নির্বাচনী প্রচারণার ওপরই আক্রমণ নয়, বরং তা গোটা যুক্তরাষ্ট্রের ওপরই আক্রমণ বলে মন্তব্য করেন হিলারি। তিনি বলেন, ‘এটা আমাদের দেশের ওপর আক্রমণ। এখানে আমরা স্বাভাবিক রাজনৈতিক উদ্বেগের ঊর্ধ্বে। এটি আমাদের গণতন্ত্রের শুদ্ধতার প্রশ্ন, এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন।’
 
রুশ হ্যাকারদের পাশাপাশি হিলারি তার পরাজয়ের জন্য এফবিআই প্রধানকেও দায়ী করেছেন। নির্বাচনের ১১ দিন আগে এফবিআই পরিচালক জেমস কমি হিলারির ই-মেইল কেলেঙ্কারি নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দিয়েছিলেন। এ বিষয়টি উল্লেখ করে হিলারি বলেন, ওই চিঠির কারণে অনেক রাজ্যে তিনি ভোট হারান।

ইত্তেফাক/এএন