অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের পরিকল্পনায় বিক্ষোভ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০২:৫০

অস্ট্রেলিয়া সরকারের নতুন সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অধীনে পার্লামেন্ট ভবনে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের পরিকল্পনায় প্রতিবাদ জানিয়েছে জনগণ। এ লক্ষ্যে শনিবার সকালে পার্লামেন্ট চত্বর মাঠে শত শত মানুষ জমায়েত হয়েছে।

 
পার্লামেন্ট ভবনের বিশাল সবুজে ঘেরা লনের চারদিকে ২ দশমিক ৬ মিটার উচ্চতার ঘেরাও দেওয়া হবে। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এদিন সকালে ভবনের সবুজ ঘাসে আবৃত বিশাল লনে গণসমাবেশ ঘটে। দেশটির অধিবাসীদের কাছে এ জায়গাটি ভীষণ প্রিয়। সেখানে লোকজন এসে ঘোরাঘুরি করে। এমনকি শুয়ে বসে গড়াগড়ি খায়। লেস্টার ইয়ও (৩৪) এর আহ্বানে এ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে। তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে, প্রায় ৩ হাজার মানুষ ফেসবুকের মাধ্যমে এই বিশেষ প্রতিবাদে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। অনেকে পরিবার ও বন্ধুদের নিয়ে এসেছে। লেস্টার বলেন, আমি মনে করি, মানুষ যাতে এই মাঠে উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে, উপভোগ করতে পারে সেটা ভেবেই স্থপতি এটি নির্মাণ করেছিলেন।
 
বিতর্কিত এ বেষ্টনী কবে নাগাদ নির্মাণ করা হবে এ নিয়ে নিশ্চিত কোনো সময়সূচি এখনো জানান হয়নি। বেষ্টনীটি তৈরি করতে ৬ কোটি অস্ট্রেলিয়ান ডলার খরচ পড়বে। তবে নির্মাণ কাজটি ২০১৭ সালের গ্রীষ্মে শুরু হতে পারে। এদিকে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ ব্যয়বহুল পরিকল্পানর পক্ষে সাফাই গেয়েছেন। তিনি হাফিংটন পোস্ট অস্ট্রেলিয়াকে জানিয়েছেন, পার্লামেন্ট হচ্ছে জনগণের সম্পদ।

ইত্তেফাক/এএন