ফের পাকিস্তানের হলে ভারতের সিনেমা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১২:৪৮
পাকিস্তানের বিভিন্ন সিনেমা হলে বলিউডের ছবি না দেখানোয় বিপুল ক্ষতির মুখে পড়ে সে দেশের হল মালিকরা। নিজেদের ক্ষতির এই বোঝা আর বহন করতে রাজী নয় তারা। আর সে জন্য আগামী ১৯ ডিসেম্বর থেকে তারা পাকিস্তানের হলগুলিতে বলিউডের ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
 
ভারতীয় ছবির ওপর থেকে স্ব-আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে 'দ্যা পাকিস্তান ফিল্ম একজিবিটরস অ্যাসোসিয়েশন'।
 
এই সংগঠনের সম্পাদক জেরাইজ লাশারি জানিয়েছেন, নিষেধাজ্ঞা জারি থাকার ফলে পাকিস্তানের সিনেমা শিল্পে বিপুল ক্ষতি হয়েছে। এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় এসেছে।
 
উরি হামলা ও সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। মুম্বাইয়ে পাক অভিনেতা-অভিনেত্রীদের কাজ দেওয়া যাবে না এবং যে সব ছবিতে পাক অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন সেইসব ছবি দেখানো যাবে না বলে ঘোষণা করে শিবসেনা। এরপরই পাকিস্তানের একাধিক সিনেমা হল ভারতীয় ছবি দেখাতে অস্বীকার করে।
 
IMG0
 
জেরাইশ বলেন, 'পাকিস্তানে দঙ্গল ছবি মুক্তির ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। আমরা ফের ভারতীয় ছবি মুক্তি দিয়ে দেশে এর প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছি। আমির খানের দঙ্গল ও শাহরুখ খানের রইস ভালো ব্যবসা করবে বলে মনে করছি।
 
ইত্তেফাক/এএম