নড়াইল শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নড়াইল সদর হাসপাতাল ও গুরুতর অবস্থায় কয়েকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা ১১টার দিকে মাওয়াগামী যাত্রীবাহী একটি বাস শহরের অদূরে মালিবাগ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। গুরুতর আহত দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।’
ইত্তেফাক/এএসএমইউ
