ফকিরহাটে অসচ্ছল পরিবারের কন্যাদের দায়িত্বে ইউনিয়ন পরিষদ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৪:৫১
ফকিরহাটে ভিন্ন ধর্মী উদ্যোগে কন্যা বর্তিকা প্রকল্পের মাধ্যমে অসচ্ছল পরিবারের কন্যা সন্তানের ভরণপোষণ ও লেখাপড়াসহ সকল দায়িত্ব গ্রহণ করেছে বেতাগা ও পিলজংগ ইউনিয়ন পরিষদ। পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়ন ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহায়তা প্রদান করছে তারা।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থায়িভাবে বাল্য বিবাহ প্রতিরোধের পাশাপাশি প্রতিবন্ধীদের উন্নয়ন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বেতাগা ও পিলজংগ ইউনিয় পরিষদ। কন্যা শিশুদের ১৮ বছরের আগে বিয়ে দেয়া হবে পিতা-মাতার এমন প্রতিশ্রুতিতে এ দুটি ইউনিয়নে ১৭০টি পরিবারের ৩২৪ জন কন্যা সন্তানকে প্রকল্পের আওতায় আনা হয়েছে। উপজেলার মুলঘর, ফকিরহাট সদর, নলধা মৌভোগ ও শুভদিয়াসহ অন্য সকল ইউপিতে এ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ জানান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক কমিটির মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নয়ন ও কন্যা বর্তিকা প্রকল্পের বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘কন্যা ও প্রতিবন্ধীদের উন্নয়নসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অর্থাভাবে ঝরে পড়া রোধে বেতাগা, পিলজংগ ইউপি এবং শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশন এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। যা সর্বস্তরে অনুকরণীয় হতে পারে।’
 
ইত্তেফাক/এএসএমইউ