সিরিয়ার আলেপ্পোতে পর্যবেক্ষক পাঠানো প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রবিবার ভোট অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নগরীতে আটকে পড়া বেসামরিক নাগরিক ও বিদ্রোহীরা ওই এলাকা ছাড়ার প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছেন।
বিদ্রোহীদের এক প্রতিনিধি জানান, আরো মানুষকে নগরী ছাড়ার সুযোগ দেয়া সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। গত প্রায় ছয় বছরের যুদ্ধে নগরীটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এ সময়ে সেখানে ৩ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে নগরী ছাড়ার সুযোগ দেয়া সংক্রান্ত কোন চুক্তির ব্যাপারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার কিংবা তাদের মিত্র রাশিয়া বা ইরানের কাছ থেকে কোন নিশ্চয়তা পাওয়া যায়নি।
অন্যদিকে অপসারণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি দেখভাল করতে আলেপ্পোতে পর্যবেক্ষক পাঠানোর ফরাসি প্রস্তাবের বিষয়ে রোববার স্থানীয় সময় বেলা ১১টায় নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করা হচ্ছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রাঁসোয়া দেলাত্রে বলেন, আন্তর্জাতিক উপস্থিতি আলেপ্পোকে আরেকটি সার্বেনিকা হওয়া থেকে রক্ষা করবে। ১৯৯৫ সালে বলকান যুদ্ধের সময় বসনিয়ার সার্ব বাহিনীর কাছে সার্বেনিকার পতন ঘটার পর সেখানকার হাজার হাজার পুরুষ ও বালকদের হত্যা করা হয়। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
