দিনাজপুরে জাতীয় পতাকা উত্তোলন দিবস পালিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস  পালিত হয়েছে। 
 
মহান বিজয়ের দুদিন পর ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর দিনাজপুর বড়ময়দানে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধকালীন পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান  ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এডভোকেট এম. আব্দুর রহিম। সেদিন মিত্রবাহিনীর এই অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার ফরিদ ভাট্টি ও কর্নেল শমসের সিং-এর নেতৃত্বে একটি চৌকষ দল এম.আব্দুর রহিমকে গার্ড অব অনার প্রদান করেন।  
 
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী। এরপর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলার মুক্তিযোদ্ধাসহ দিনাজপুরের সর্বস্তরের জনতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকালীন পশ্চিমাঞ্চলীয় জোনের চেয়ারম্যান বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এম. আব্দুর রহিমের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 
 
বেলা ১১টার দিকে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেশের বরেণ্য গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুস, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিক গজনবী, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল লতিফ প্রমুখ।