জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, দেশের স্বাধীনতায় সাংবাদিকদের ভূমিকা অস্বীকার করার কোন উপায় নেই। আমরা অস্বীকারও করি না। বাংঙালিরা অকৃতজ্ঞ জাতি নয়।
রবিবার দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা দাবিসহ স্বাধীনতার ঘোষণা মিডিয়ার মাধ্যমেই জাতি জানতে পেরেছিল। এখনও সাংবাদিকরা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ অ্যাড. মীর শওকাত আলী বাদশা, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন, সংরক্ষিত মহিলা আসন-১১ এর সংসদ সদস্য হ্যাপী বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকুর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোর্শারফ হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যা ড. একে আজাদ ফিরোজ টিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ। এর আগে এদিন সকালে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও প্রেসক্লাবের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্মারক প্রদান করা হয়।
ইত্তেফাক/এমআই
