নাসিক নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় ছাত্রলীগ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভীকে বিজয়ী করতে দলীয় প্রতীক নৌকার পক্ষে প্রচারণায় নেমেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা এ প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে দলীয় প্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
 
রবিবার দলীয় প্রার্থী আইভীর পক্ষে প্রচারণায় অংশ নেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। প্রচারণায় অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
 
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বিজয়ের মাসে নৌকার প্রার্থীকে বিজয়ী করা হবে আমাদের দ্বিতীয় বিজয়। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। নারায়ণগঞ্জের মানুষ আগামী ২২ ডিসেম্বর নৌকাকেই বেছে নেবে। 
 
ইতোমধ্যে ছাত্রলীগ সভাপতি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ২৭টি ওয়ার্ডের জন্য পৃথক ২৭টি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটির নেতারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।
 
ছাত্রলীগ সভাপতির সঙ্গে প্রচারণায় আরো অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বাবায়ক হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।