রায়পুরায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:০৩
নরসিংদীর রায়পুরার নিলক্ষ্মার চরে ১৪৪ ধারা ভঙ্গ করে রবিবার সংঘর্ষ হয়েছে। 
 
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বীরগাঁও গ্রামের তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 
 
এলাকাবাসী জানান, গত ইউপি নির্বাচনের পর আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দফা সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার পর নভেম্বরের ১২, ১৩ ও ১৪ তারিখে নিলক্ষ্মার চরের কয়েকটি গ্রামে ৩ দিনব্যাপী সংঘর্ষ চারজন নিহত হন। সংঘর্ষের পর পুলিশ সুপার আমেনা বেগমের লিখিত অনুরোধে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ নিলক্ষ্মার চরে কয়েকটি গ্রামে ১৪৪ ধারা জারি করেন। এর মধ্যে রবিবার রাজিব ও হক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
 
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম ও রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ূন কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি