স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করে রাখা উচিত। তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলেও জানান। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাত্কারে এই কথা বলেন তিনি। এছাড়া বাংলাদেশের বিরোধী দলগুলো তিস্তা চুক্তিতে বিলম্বের সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। গতকাল রবিবার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুস্তান টাইমসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তিতে বিলম্ব হওয়ায় বিরোধী দল বিশেষ করে মৌলবাদী দল জামায়াত বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বাড়ানোর সুযোগ নিচ্ছে। তিনি বলেন, আমরা আশা করি তিস্তা চুক্তি ভবিষ্যতে বাস্তবায়ন হবে। তবে দুই দেশের সম্পর্ক একটি চুক্তির ওপর নির্ভর করে না। আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি চুক্তি সম্পন্ন হওয়া নির্ভর করে দুই দেশের স্বার্থের ভিত্তিতে। একটি দেশের স্বার্থকে ক্ষুণ্ন করে কোনো চুক্তি সম্পাদন হতে পারে না। যদিও এটা সত্য যে বাংলাদেশকে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পানি আমাদের উভয় দেশের জন্য খুবই প্রয়োজন বলে উল্লেখ করেন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান সবসময়ই সন্ত্রাসীদের আশ্রয় এবং তাদের সমর্থন দিয়ে আসছে। আমরা মনে করি যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের অনুত্সাহিত এবং বিচ্ছিন্ন করা উচিত। সন্ত্রাসী হামলা প্রতিরোধে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ধরনের হামলা কোনো দেশেই হওয়া উচিত নয়। সাক্ষাত্কারে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলেও উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশে ও ভারতে সন্ত্রাসী হামলার মূল শিকড় পাকিস্তানে। সাম্প্রতিক অতীতে পাকিস্তান কিভাবে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত তাও আমরা দেখেছি। এটা বন্ধ করতে হবে।
ইত্তেফাক/এএন
