লুইস সুয়ারেজের জোড়া গোলে লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বি এসপানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এদিন একটি মাত্র গোল পেলেও পুরো ম্যাচেই মেসি জাদু দেখেছে প্রায় ৮০ হাজার দর্শক। আর এই দুর্দান্ত জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ফিরে এসেছে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের (১৫ ম্যাচে ৩৭) চেয়ে পয়েন্টের পার্থক্য এখন মাত্র তিন।
ম্যাচের ১৮ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার চোখ ধাঁধানো পাসে বার্সাকে লিড এনে দেন উরুগুইয়ান ‘গোলমেশিন’। ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আবারো কাতালানদের উল্লাসে ভাসান সুয়ারেজ। পরের মিনিটেই স্কোরশিটে নাম লেখান জর্ডি আলবা। দু’টি গোলেরই নেপথ্য কারিগর লিওনেল মেসি।
৭৯ মিনিটে এসপানিওলের হয়ে একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান মিডফিল্ডার ডেভিড লোপেজ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সুয়ারেজের পাসে এসপানিওলের জালে বল পাঠান মেসি।
ইত্তেফাক/এমএইচ
