রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিেত গতকাল রবিবার অনুষ্ঠিত হলো ১৬তম ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ও গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ইউরো-সিজেএফবি আজীবন সম্মাননা পেয়েছেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সংগীত, টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গনে ২০১৫ সালের বছর সেরা তারকাদের হাতে ইউরো-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
এ ছাড়া সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ইফতেখার চৌধুরীর ‘অগ্নি ২’, সেরা পরিচালক এস এ হক অলিক (আরও ভালোবাসবো তোমায়), সেরা অভিনেতা আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), সেরা অভিনেত্রী পরীমনি (আরও ভালোবাসবো তোমায়)।
IMG0
টেলিভিশন মাধ্যমে সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী (ইয়ার আলীর নতুন বৌ), সেরা অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (চিলি চকলেট) ও সেরা নাট্য পরিচালক মাসুদ সেজান (লাইক অ্যান্ড কমেন্টস)। সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন মিনার রহমান (আহা রে), সেরা গায়ক হাবিব ওয়াহিদ (মন ঘুমায়রে), সেরা গায়িকা দিলশাদ নাহার কনা (রেশমী চুড়ি)।
পুরস্কার আয়োজন মাতাতে ছিল গান, নাচ। গান পরিবেশন করেন জেমস, হাবিব, বেবী নাজনীন, হৃদয় খান ও মিনার। বিভিন্ন পারফরম্যান্সে অংশ নেন-নুসরাত ফারিয়া, পরীমনি, বিদ্যা সিনহা মীম, তানজিন তিশা, সাফা কবিরসহ আরও অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন নীরব খান ও আমব্রিন।
ইত্তেফাক/এমএআর
