ভারতের উৎসবে জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১২:৩১
ভারতের নাট্যোৎসবে ৪টি প্রদর্শনী হবে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। এ উদ্দেশ্যে আসছে ২১ ডিসেম্বর ভারত যাচ্ছে নাটকের শিল্পী-কলাকুশলীরা। জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা ‘রাজার চিঠি’ নাটকটি লিখেছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
 
১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনী থেকেই ‘রাজার চিঠি’ লেখা হয়েছে।
 
গল্পে দেখা যাবে, এক সময় যুবক হরিদাস রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। এ নিয়ে তার পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধব হাসাহাসি করেছিল। কিন্তু দেখা যায়, একদিন রবীন্দ্রনাথ সে চিঠির উত্তর দিয়েছেন। এ সময় হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে।
 
অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্যসংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। সময়ের প্রবাহে আসে ১৯৪৭, আসে ১০৯১ সাল। নাটকে ১৯৪৭ সালের দেশবিভাগের চিত্র এবং হরিদাস বসাকের মাতৃভূমি আঁকড়ে থাকা দেখা যায়।
 
ইত্তেফাক/এমএআর