হাঁস পালন করে স্বাবলম্বী পাঁচবিবির আদিবাসী যুবক বিকাশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৩:২৮
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গদাইপুর গ্রামের আদিবাসী যুবক বিকাশ চন্দ্র সরকার হাঁস পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন।
 
জানা গেছে, ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ (মাস্টার্স) ডিগ্রি লাভের পর চাকরি নামের সোনার হরিনের পেছনে ছুটে হতাশ হন বিকাশ। অবশেষে গত বছর বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করেন পাতি-হাঁস পালন।
শুরুতেই বাজিমাৎ। আশাতীত লাভে দ্বিগুণ উৎসাহ নিয়ে এবার সমন্বিত পদ্ধতিতে পুকুরে মাছ আর পুকুর পাড়ে হাঁস পালন করে দুইটিতে লাভ হয়েছেন বিকাশ। এভাবেই সাফল্যের সিঁড়ি খুঁজে পান বেকার যুবকদের মডেল হাঁস পালক বিকাশ। শুধু যুবকরাই নন, বিকাশের এমন ঈর্ষণীয় সাফল্যের হাঁস-খামার দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন নানা বয়সের মানুষ। আর বিকাশ দিয়ে যাচ্ছে সবাইকে পরামর্শ। তার সাফল্য দেখে আর পরামর্শ পেয়ে অনেক যুবক গড়ে তুলেছেন এমন হাঁসের খামার।
 
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, ‘বিকাশকে হাঁসের খামার করতে পরামর্শ দিলে তিনি তা গ্রহণ করেন। মেধা, পরিশ্রম আর অর্থের সমন্বয় ঘটিয়ে যে কোনো কাজেই সফলতা সম্ভব। তার উদাহরণ বিকাশ।’
 
ইত্তেফাক/এএসএমইউ