বনানী অগ্নিকাণ্ডে সাবেক ঢাবি শিক্ষার্থী নিহত

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৮:৩৭

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপণা বিভাগের সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুক (৩২)। তিনি ঢাবির মাস্টার্সের ২০১০-১১ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

জানা গেছে, বনানী অগ্নিকাণ্ডে নিহত আবদুল্লাহ আল ফারুক ২০০৫-০৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আনর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং এর আগে ২০০৫ সালে রাজধানীর নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২তলা ভবনে আগুন লাগে। এ সময় ওই ভবনে অবস্থান করছিলেন নিহত আবদুল্লাহ আল ফারুক।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলংকান নাগরিকসহ মোট ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমেনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬) ও নিরস চন্দ্র (৩৫)। তাদের মধ্যে নিহত নিরস চন্দ্র শ্রীলংকান নাগরিক। 

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে, পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।

আরও পড়ুন:  এফ আর ভবনে আগুন: একজন শ্রীলঙ্কার নাগরিকসহ নিহত ৭, উদ্ধার শতাধিক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেলায়েত হোসেন জানিয়েছেন, 'আমাদের হাসপাতালে একজনের মরদেহ আনা হয়েছে। আহত আরও ৬৪ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে'।

ইত্তেফাক/ জেডএইচডি